শেষ পর্যন্ত সব জটিলতার অবসান হয়েছে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার অনুমতি পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন।

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বেন তিনি। রাত সোয়া ১ টায় তাঁর ঢাকা ত্যাগ করার কথা।

ভিসা জটিলতার কারণে রুবেলের যাওয়া নিয়ে দেরি হচ্ছিল। এর আগে গত শনিবার বাংলাদেশ দল ঢাকা ছেড়ে গেলেও সে বহরের সঙ্গে যেতে পারেননি তিনি। তাই কিছুটা সংশয় তৈরি হয়েছিল, আসলেই কি যেতে পারবেন তিনি। শেষ পর্যন্ত সে সংশয় কেটে গেছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউইনুস জানিয়েছে, সাউথ আফ্রিকার অভিবাসন কর্তৃপক্ষ থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র এসে গেছে রুবেলের। তাই আজ রাতে দেশ ত্যাগ করার কথা তাঁর।

দক্ষিণ আফ্রিকার অভিবাসন কর্তৃপক্ষ রুবেল হোসেন নামের এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই। নামের সঙ্গে মিল থাকার কারণে জটিলতায় পড়তে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্যকে। তখন বিমানবন্দর থেকে বাবসায় ফিরে যেতে হয় তাঁকে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তাই সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

এ এস