মানব্যর বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ধরাশায়ী করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান।

এ জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান সংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আবাহনী।

খেলার ১২ মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া করে মোহামেডান। ইব্রাহিমের কর্নার কিক থেকে বক্সের মধ্যে পল পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হয়েছেন তৌহিদুল আলম সবুজ।

১৬ মিনিটে আবাহনী এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও মোহামেডান গোলরক্ষক আশরাফুল হক রানা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ওসাই মরিসনের শট ফিরিয়ে দেয়ার পর ওয়াহেদের ওয়ান টু ওয়ান শটও আটকে দেন।

৪২ মিনিটে মোহামেডানের নিশ্চিত গোল আটকে দেন আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান। ডান প্রান্ত থেকে জুয়েল রানার ক্রসে জোড়ালো হেড করেন মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। কিন্তু তার হেডটি দক্ষতার সাথে লুফে নেয় আবাহনীর গোলরক্ষক জিয়াউর।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে মোহামেডানের বক্সে ঢুকে পড়েন আবাহনীর ঘানাইয়ান ফরোয়ার্ড ওসেই মরিসন। বক্সের মধ্যে থেকে তার শক্তিশালী শটটি বারে লেগে ফিরে আসে।

৮১ মিনিটে মোহামেডানের একটি হ্যান্ডবলের আবেদনে সায় না দিয়ে কর্নারের নির্দেশ প্রদান করে রেফারি জসিম উদ্দিন। তবে এবারও ব্যবধান বাড়ানোর একটি সুবর্ণ সুযোগ মিস করে মোহামেডান।

অবশেষে খেলার শেষ হওয়া কয়েক মিনিট আগে মোহামেডানকে লিড এনে দেন মিডফিল্ডার মো. ইব্রাহিম। আবাহনীর ডিফেন্ডার হেনরি ফেলিক্সের ভুল পাসে বল পেয়ে যান মিডফিল্ডার ইব্রাহিম। বাঁ পায়ের জোরালো শটে সেই বল জালে জড়িয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।

জেডআই