দীর্ঘ ১৫ বছর পর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। ছয় জাতির আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার বিকালে মাঠে নামছে বাংলাদেশ।
ফিফা স্বীকৃতি দেওয়ায় এ টুর্নামেন্টের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিকাল ৫টায় স্বাগতিক বাংলাদেশের মোকাবেলা করবে মালয়েশিয়া। ইতোমধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে, চলছে শেষ মুহূর্তের প্রস্ততি।
বুধবার রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা দল পৌঁছেছে সিলেটে। তবে থাইল্যান্ড দল এখনও পৌঁছায়নি।
স্টেডিয়ামের ক্রীড়া কমপ্লেক্সে করা হয়েছে নজরকাড়া আলোকসজ্জা। মাঠের চারপাশ সজ্জিত করা হয়েছে নান্দনিক রূপে। মাঠের ভেতরে খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে ছাউনি।
তৈরিকৃত কাঠের গ্যালারির উপর সামিয়ানাও টানানোর কাজ সম্পন্ন। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
জেডআই





