বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই বেজে উঠেছে নতুন নির্বাচনের ঘণ্টা। সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনের মাঠে। নির্বাচন এপ্রিলের শেষে বা মে মাসে হওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে আজ বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন নির্বাচন হবে আগামী ৩০ এপ্রিল। নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

চার বছর পরপর হয়ে আসছে বাফুফের নির্বাচন। গত দুটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এবারও তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতবার অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার সভাপতি পদে একাধিক প্রার্থী দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধু তা-ই নয়, অন্য পদেও প্রার্থী হওয়ার হিড়িক পড়তে পারে। সাবেক ফুটবলারদের একটি অংশ গত আট বছর ধরে আছেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিতে। সালাউদ্দিন বিরোধী পক্ষে থাকা বেশ কয়েকজন সাবেকও এবার নির্বাচনে প্রার্থী হতে চান।

তবে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই সভাপতি পদ। যে পদে সালাউদ্দিন-বিরোধী পক্ষ এবার আনতে চাইছেন সালাউদ্দিনেরই বন্ধু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরকে। সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালেরও। তাঁর কথা,‘আমি সভাপতি পদে অবশ্যই প্রার্থী হব। দুই ভোট পেলেও সমস্যা নেই। তবু আমি বর্তমান সভাপতিকে ফাঁকা মাঠ ছাড়ব না।’

সব মিলিয়ে এই নির্বাচন সামনে রেখে ফুটবল অঙ্গন এখন বেশ সরগরম।

এম আর