অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যাট করতে নেমে বিপর্যয়ের পর হাল ধরেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তারা দু’জনেই একসাথে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন আজ।
অজিদের বিপক্ষে মিরপুরে ব্যাটিংয়ে নেমেই মহাবিপদে পড়েছিল বাংলাদেশ। ১০ রানে নেই ৩ উইকেট! সেই অবস্থা থেকে অসাধারণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই বন্ধু।
এই রিপোর্ট লেখা পর্যন্ত- লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ২৮ ওভারে ৯৬/৩। ব্যাট করছেন তামিম ইকবাল (৩৩) ও সাকিব আল হাসান (৪৮)।
বাংলাদেশের ব্যাটিং শুরুতেই দুমড়ে মুচড়ে দেন অজি পেসার প্যাট কমিন্স। দিনের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দুটি বাউন্ডারির সাহায্যে তিনি ৮ রান করেন। কমিন্সের প্রথম ওভারের ৫ম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন এই তরুণ ওপেনার।
চতুর্থ ওভারে আবারো বল হাতে আসেন কমিন্স। যথারীতি তার করা পঞ্চম বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দেন ইমরুল কায়েস (০)। পরের বলেই সেই ওয়েডের গ্লাভসবন্দী হয়ে কমিন্সের তৃতীয় শিকার হন সাব্বির রহমান (০)।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। অল-রাউন্ডার নাসির হোসেন স্থান পেয়েছেন একাদশে। তবে বাদ পড়ে আবার ফিরে আসা মুমিনুল হককে বাইরেই থাকতে হয়েছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।
এমবি





