ওপেনিংয়ে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করা পাকিস্তানের অধিনায়ক আযহার আলীকে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। পরের ওভারে হারিস সোহাইলকে বিদায় করে দেন মাশরাফি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত৩৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান (১) ও সাদ নাসিম (০)।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তান। এতে উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯১ রান।
অবশেষে ১৮তম ওভারে নাসিরের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন অভিষিক্ত সামি আসলাম (৪৫)।
ক্রিজে এসে ১৫ বলে মাত্র ৪ রান সংগ্রহ করতেই আরাফাত সানির বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ।
হারিস সোহাইলকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন আযহার। গড়ে তোলেন ৯৮ রানের জুটি। সেঞ্চুরির পর তুফান তোলা ব্যাটিং শুরু করতে দেয়ার আগেই তাকে সাজঘরে ফিরিয়ে দেন সাকিব। ৩৯তম ওভারের চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে ১১২ বলে ১০টি চারে ১০১ রান করেন।
এরপর হারিস সোহাইলকে বিদায় করে দেন মাশরাফি। ৫৩ রান করে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন তিনি।
এই ম্যাচে জিততে পারলেই সফরকারীদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ।
জেডআই





