হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করেছে কোচ ভ্যান গলের দল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিগের উদ্বোধনী ম্যাচে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরেছে তারা।

কোচ ডেভিড ময়েসের অধীনে চ্যাম্পিয়ন হিসেবে গত মৌসুম শুরু করেছিল ইউনাইটেড। কিন্তু বাজে পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে ইতি টেনেছিল তারা। ফলে বরখাস্ত করা হয় কোচ ময়েসকে।

এবার কোচ ভ্যান গলের কাঁধে ক্লাবটির দায়িত্ব দেয়া হয়। প্রাক-মৌসুম লড়াইয়ে তার দল দারুণ পারফরম্যান্সও করেছিল। অপরাজিত ছিল সব কটি ম্যাচে। কিন্তু প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচেই হারল তার শিষ্যরা। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে ২০বারের চ্যাম্পিয়ন দলটি।

এক বছর আগে ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসির মুখোমুখি হয়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ। গত মৌসুমে লিবার্টি স্টেডিয়ামে কোচ ডেভিড ময়েসের শিষ্যদেরকে স্বাগত জানিয়েছিল সোয়ানসি। দু’বারই জয় পেয়েছিল ইউনাইটেড।

এবার সেই জয়ের ধারাবাহিকতায় বজার রাখার স্বপ্ন ছিল ওয়েন রুনিদের। কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেল নিজেদের মাঠে। পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এদিন শুরুতে লিড নেয় সোয়ানসি। খেলার ৩৮ মিনিটে সিগার্ডসন বল এগিয়ে দেন সুং ইয়ং কিকে। সেই বল পেয়ে গোলরক্ষক ডি গিয়াকে পরাস্ত করে গোল করতে ভুল করেননি কি।

প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোলটি শোধ করতে পারেনি ম্যানইউ। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দলকে সমতায় ফেরান রুনি। খেলার ৫৩ মিনিটে এক কর্নার কিক পায় স্বাগতিক দলটি। সেখান থেকে জোন্সের কিক করা বল জালে পাঠিয়ে দেন সবার পিছনে একা দাঁড়িয়ে থাকা রুনি।

জয় না পেলেও অন্তত ড্র নিয়ে খেলা শেষ করার স্বপ্ন দেখে ইংলিশ জায়ান্টরা। কিন্তু তাদের সেই স্বপ্ন পূর্ণ হতে দেননি প্রথম গোলটিতে অবদান রাখা সিগার্ডসন। ৭২ মিনিটে ফের সোয়ানসিকে এগিয়ে দেন এই তারকা। খেলায় শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দলটি। আর ১৯৭২ সালের পর প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে লিগের প্রথম ম্যাচে হারল ম্যানচেস্টার ইউনাইটেড।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই