পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের শেষ দিনে সাত উইকেটে জয় নিশ্চিত করে সিরিজে ১-১ সমতা করেছে স্বাগতিকরা।

সোমবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে পঞ্চম বা শেষ দিনে ১৫৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ২৬.৩ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাঞ্জেলো মাথুসের দল।

দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। জুলফিকার বাবরের বলে মোহাম্দ হাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কিথুরুয়ান ভিথানেজ (৩৪)।

এদিন রানের খাতাই খুলতে পারেননি লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। নিজের ইনিংসের প্রথম বলেই ইয়াসির শাহর শিকারে পরিণত হন তিনি। ক্যাচ ধরেন আযহার আলী। তবে ওপেনার করুনারত্নে ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ আউট হওয়ার আগে ৫০ রান করেছেন।

অধিনায়ক ম্যাথুস দলের জয় নিশ্চিত করতে ৪৩ রান নিয়ে খেলা শেষ করেন। তার সঙ্গে ২০ রান নিয়ে অপরাজিত ছিলেন থিরিমান্নে।

প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। জবাবে ৩১৫ প্রথম ইনিংসে রান জমা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৩২৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।

জেডআই