টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। শুক্রবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে সাকিবকে টপকে এখন তিনিই শীর্ষে।

এর আগে বাংলাদেশের হয়ে রান সংগ্রহের দিক থেকে সাকিব আল হাসানের চেয়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ছিলেন তামিম। তবে শুক্রবার ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলে সাকিবকে ছাড়িয়ে গেলেন এই টাইগার ওপেনার।

তামিম এখন একমাত্র ক্রিকেটের হিসেবে নিজ দেশের পক্ষে তিন ধরনের ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রহকারী। টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচে ৪টি ফিফটির সাহায্যে ২২.৪৮ গড়ে ৯৮৯ রান তামিমের। স্ট্রাইক রেট ১১২.২৬।

এর আগে থেকেই ওয়ানডে ও টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তামিম। ৪২ টেস্টে ৩৯.৪৭ গড়ে ৩ হাজার ১১৮ রান করে সাকিবের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তামিম। অন্যদিকে ১৫৩টি ওয়ানডেতে ৩১.৩৬ গড়ে ৪ হাজার ৭১৭ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের আসনে বসে আছেন এই টাইগার ওপেনার। টেস্টে সাকিবের রান ২৮২৩ এবং ওয়ানডেতে ৪,৩৯৮।

এছাড়া টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস তামিমের দখলে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ২০৬ রান, ওয়ানডেতে ১৫৪ ও টি-টুয়েন্টিতে ৮৮* রানের ইনিংস খেলেন এই তামিম।

 

এআই