বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। ক্রিজে রয়েছেন চাকাভা (৮) ও পিটার মুর (১)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান ।
এদিন ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি সাকিব আল হাসান। কিন্তু বল হাতে সেটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। সফরকারীদের ৪৮ রানের মাথায় ভুসিমুজি সিবান্দাকে (১৭) সাজঘরে ফেরান বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিবের দ্বিতীয় শিকার হ্যামিলটন মাসাকাদজা। ব্যক্তিগত ২৮ রানের মাথায় সাকিবের বলে সরাসরি বোল্ড হন জিম্বাবুয়ের এই ওপেনার। সাকিবের পর উইকেটের দেখা পেলেন জুবায়ের হোসেন লিখনও। মারুমাকে (৬) বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
দীর্ঘ অপেক্ষার পর জিম্বাবুয়ের ১৬৬ রানের মাথায় মায়ারকে সাজঘরে ফেরান জুবায়ের। বিদায়ের আগে ৫৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন মায়ার।
মায়ারের পর বিদায় নিলেন ব্রেন্ডন টেলরও। ব্যক্তিগত ৬৩ রানের মাথায় পেসার রুবেলের শিকার হন তিনি। মজার বিষয় হচ্ছে, জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরাকে (৪) সাজঘরে ফেরান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।
এর আগে দুপুর সাড়ে ১২ টায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে মুশফিকের ব্যাট থেকে। এ ছাড়া অধিনায়ক মাশরাফি করেন ২৫ বলে ৩৯ রান।
জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন নেভিল মাদজিভা ও সলোমান মায়ার। ২টি উইকেট নেন কামুনগোজি।
এএইচ





