আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য টেস্ট, ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবারের মত টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অ্যালেক্স হেলস, জাফর আনসারি ও জেমস টেইলর।

অ্যাশেজ সিরিজে খারাপ পারফরমেন্সের কারনে বাদ পড়েছেন এডাম লিথ। তার জায়গায় ওপেনার হিসেবে স্কোয়াডে ডাক পান হেলস। ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যে ২০টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী হেলস।

এছাড়া তিন বছর পর টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন টেইলর। সর্বশেষ ২০১২ সালে ইংল্যান্ডের সাদা জার্সি গায়ে টেস্ট খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ সিরিজের দু’টি টেস্ট খেলেছিলেন টেইলর। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট দলে জায়গা পেয়েছেন ২৫ বছর বয়সী টেইলর।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কথা মাথায় রেখে টেস্ট দলে একজন বাড়তি স্পিনার হিসেবে আনসারিকে রেখেছে ইসিবি। মাত্র ১টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারনে ঐ ম্যাচে খেলতে পারেননি আনসারি। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্টে ৪৪টি উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী আনসারি।

টেস্টের মত ওয়ানডে বা টি-২০ স্কোয়াডে কোন নতুন মুখকে সুযোগ দেয়নি ইসিবি। অস্টে্িরলয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডটি অপরিবর্তিত রেখেছে বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড : এ্যালিষ্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্তো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেপরক্ষক), স্টিভেন ফিন, এ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, জেমস টেইলর ও মার্ক উড।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিঙ্গস, জনি বেয়ারস্তো, জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, এ্যালেক্স হেলস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস টেইলর, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওয়াকস ও মার্ক উড।

ইংল্যান্ড টুয়েন্টি টুয়েন্টি স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিঙ্গস, জস বাটলার (উইকেটরক্ষক), এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, স্টিফেন প্যারি, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, রিসি টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওয়াকস ও মার্ক উড।

জেডআই