১৯৫০ বিশ্বকাপের পর নিজ দেশের মাটিতে আরেকটি দু:স্বপ্ন নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে যাচ্ছে ব্রাজিল। ৬৪ বছর পর আগে ফাইনালে উরুগুয়ের কাছে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেমিফাইনালেই ধরাশায়ী হচ্ছে সেলেকাওরা। খেলার প্রথমার্ধে ৫ গোল হজম করার পর বিরতির পর আরো দুই গোল হজম করেছে তারা। ফলে ৭-০ গোলে এগিয়ে আছে জার্মানি।

খেলার ১১ মিনিটে কর্নার থেকে আসা বল থেকে গোলের সূচনা করেন থমাস মুলার। ২৩তম মিনিটে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। ডি বক্সের ভেতর থেকে ক্লোসার প্রথম চেষ্টাটি ফিরিয়ে দেন জুলিও সিজার। কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি।

দুই মিনিট পর দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন মুলার। পা ছোঁয়াতে পারেননি বায়ার্ন মিউনিখের এই তারকা। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো ক্রুস। বাঁ বার ঘেঁষে তার শট জালে জড়ালে পিন পতন নীরবতা নেমে আসে স্টেডিয়ামে।

ফার্নান্দিনহোর মারাত্মক ভুলে পরের মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যান ক্রুস। মাত্র ২৬ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। স্টেডিয়ামে থাকা ব্রাজিল সমর্থকরা এ সময় নিজেদের ধরে রাখতে পারেননি।

এরপর তিন মিনিট পর মিসুত ওজিলের দেয়া পাস থেকে গোল করেন স্যামি খেদিরা। ৫-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর আরো দুই বার স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেয় জার্মানি। দুটি গোলই করেন আন্দ্রে শারলে। ৬৯ মিনিটে প্রথম গোল করার পর ৭৯ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে ৭-০ গোলে এগিয়ে যায় জার্মানি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই