অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৬ রানে পিছিয়ে আছে ভারত। শুক্রবার ২২১ রান ও ছয় উইকেট নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৫০৫ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটের বিনিময় ৭১ রান সংগ্রহ করেছে ধোনির দল।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুরালি বিজয় দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান করেই সাজঘরে ফিরে গেছেন। তবে শেখর ধাওয়ান ২৬ রান ও চেতেশ্বর পুজারা ১৫ রান নিয়ে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বড় সংগ্রহের পিছনে পড় অবদান রেখেছেন স্টিভেন স্মিথ। আগের দিনের ৬৫ রান নিয়ে খেলা শুরু করা এই ব্যাটসম্যান এদিন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন। ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেয়ার আগে ১৩৩ রান করেন তিনি।

এরপর ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন মিশেল জনসন ও মিশেল স্টার্ক। উভয়ই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না জনসন। ৯৩ বলে ৮৮ রান জমা করতেই ইশান্তর বলে ধোনির তালুবন্দী হন তিনি। আর স্টার্ক আউট হন ৫২ রান করে। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা হ্যাজেলউড ৩২ রান নিয়ে অপরাজিত ছিলেন।

ভারতের বোলার ইশান্ত শর্মা ও উমেশ যাদব তিনটি করে উইকেট পান। বরুন অরুন ও রবীচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট পান।

জেডআই