ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। চার স্পিনার ও এক পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মোকাবিলা করবে বাংলাদেশ। এতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে নাঈম হাসানের।
জিম্বাবুয়ে সিরিজ থেকে তিনটি পরিবর্তন এসেছে দলে। লিটন দাসের বদলে সৌম্য সরকার এবং একজন পেসার কমিয়ে খেলানো হয়েছে বাড়তি একজন স্পিনারকে। সাকিব আল হাসান ফেরাতে বাদ পড়তে হয়েছে আরিফুল হককে।
গত জুলাইতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বড় লজ্জার মুখে পড়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ান সফরে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার পাশাপশি দুটি টেস্টেই বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ স্বাগতিকদের সামনে।
যদিও কাজটা মোটেও সহজ হবে না, অধিনায়ক সাকিব আল হাসানের কথাতেই তা স্পষ্ট। ভারত সফরে ক্যারিবিয়ানরা ব্যর্থ হলেও দীর্ঘদিন ধরে উপমহাদেশের কন্ডিশনে খেলে নিজেদের ভালোভাবেই মানিয়ে নিয়েছে তারা। তাছাড়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে দারুণ শুরুর অপেক্ষাতে ক্যারিবিয়ানরা। অন্যদিকে বাংলাদেশও আগের ব্যর্থতা ভুলে ভালো শুরু করতে মুখিয়ে আছে।
টেস্ট ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে পরিসংখ্যান ততটা উজ্জ্বল নয় স্বাগতিকদের। সব মিলিয়ে ১৪ টেস্টে মাত্র ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ১০টি হার এবং দুটিতে ড্র করতে পেরেছে টাইগাররা। ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে এই পরিসংখ্যানকে ভুল প্রমাণ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
জেড





