জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে হাজিরা থেকে অব্যাহতি ও বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার সকাল ১১টার দিকে রুবেল আদালতের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের আদালত রুবেলের এ আবেদন মঞ্জুর করেন।
এতে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কাও কেটে গেল।
গত রোববার আদালত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলার অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন পান জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়।
তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
রুবেল ১৫ ডিসেম্বর হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই গত ৮ জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে জানুয়ারির শেষ সপ্তাহে রওনা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার জন্য হ্যাপী হাই কোর্টে একটি রিট আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। এর বিরুদ্ধে আপিল করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
এএইচ





