টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছিল ওই দলে ছিলেন সিমন্স। কিন্তু পরবর্তীতে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন। দলে সুযোগ পান এভিন লিউইস।

সুপার টেন পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন আন্দ্রে ফ্লেচার। ফলে, আবারও দলে সুযোগ পান সিমন্স। সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স করে দলকে টেনে তুললেন ফাইনালে।

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৫১ বল খেলে অপরাজিত ৮২ রান করে দলকে জেতান সিমন্স। এই ম্যাচ শেষে সিমন্স জানিয়েছেন তার সাফল্যের পেছনের রহস্যের কথা।

লেন্ডল সিমন্স বলেছেন, আফগানিস্তান ম্যাচের পর আমি খবর পেয়েছি। চেয়ারম্যান (নির্বাচকদের প্রধান) ফোন করে আমার কাছে জানতে চেয়েছিলেন আমি ফিট কিনা। উত্তরে আমি বলেছিলাম, হ্যাঁ। তবে, সেদিন ফ্লাইট পাইনি। পরদিন এসেছি।

ত্রিনিদাদ থেকে মুম্বাই আসতে দুইবার বিমান বদলাতে হয় সিমন্সকে। দলের সঙ্গে তিনি যোগ দেন মঙ্গলবার। ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি কাটাতে তাই বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটিয়েছেন তিনি।

সিমন্স বলেন, ম্যাচের আগে আমার বিশ্রামটা ভালো হয়েছে। দুটি ফ্লাইটে আমি ঘুমিয়েই কাটিয়েছি। এখানে এসে রাতে ঘুমিয়েছি। বুধবার সকালে অনুশীলন করে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত ঘুমিয়েছি। আজও (গতকাল) দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঘুমিয়েছি।

এআইজে