২৪ বছর পর বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। লিও মেসি কী পারবেন সেমিফাইনালে নিজেকে মেলে ধরে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ? বুধবার সেমিফাইনালে আর্জেন্টিনা কী পারবে নেদারল্যান্ডকে হারাতে ?

এই প্রসঙ্গে একটা ছোট তথ্য তুলে ধরা হচ্ছে যা আর্জেন্টিনার সমর্থকদের বিরাট স্বস্তি দেবে ৷ কী সেই তথ্য ? আর্জেন্টিনা কখনোও সেমিফাইনালে হারেনি! কোনও বিশ্বকাপের সেমিফাইনালেই হারেনি লাতিন আমেরিকার নীল-সাদা দলটি ৷

ফিরে যাওয়া যাক ১৯৩০ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা । প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিলেন স্তাবিলেরা। এরপর আসা যাক ১৯৭৮ বিশ্বকাপে। ওই বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী কোনো ‘সেমিফাইনাল’ ছিল না। দ্বিতীয় রাউন্ডও হয়েছিল দুটো গ্রুপ ভাগ করে। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হয় ফাইনালে। এ অবস্থায় দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে যেতে হলে শেষ ম্যাচটি ৪ গোলের ব্যবধানে জিততে হতো মেনোত্তির আর্জেন্টিনাকে । নীল সাদা দল জেতে ৬-০ গোলে।

এরপর ১৯৮৬ সালে ম্যারাডোনার বিশ্বকাপেও সেমিফাইনালে বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা ৷ দু’টো গোল করেছিলেন ম্যারডোনা। এরপর ১৯৯০ বিশ্বকাপে ইতালিকে টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা। ২৪ বছর পরে ফের সেমিফাইনালে মেসিরা। ইতিহাসের পুনরাবৃত্তি হবে না অন্য হতিহাস রচিত হবে তা বুধবারই জানা যাবে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই