নাটোরে ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সিংড়ায় উপজেলার কলম ইউনিয়নের মির্জাপুর গ্রামে বৃহস্পতিবার (২৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম জুথি খাতুন ওরফে জুঁই (১৮)।
জুঁই মির্জাপুর গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী ও সিংড়া পৌরসভার মহেশচন্দ্রপুর মহল্লার সাবেক ইউপি সদস্য জনাব আলীর মেয়ে।
সিংড়া থানার এসআই সুব্রত জানান, গেল বুধবার (২৭ জুন) রাতে রাশিদুল ইসলাম তাঁর স্ত্রীর নিষেধ সত্ত্বেও বাড়ির বাইরে একটি দোকানে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিলের খেলা দেখতে যান। এতে গৃহবধূ জুথি খাতুন ওরফে জুঁই অভিমান করে শোয়ার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠিয়েছে জানান এসআই।
সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম জানান, এ বিষয়ে নিহত গৃহবধূর বাবা জনাব আলী বাদী হয়ে সিংড়া থানায় একটি ইউডি মামলা করেছেন।
এমবি





