ফুটবল বিশ্বে এক জনপ্রিয় নাম লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল জাদুকরের ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ব্রাজিল বিশ্বকাপে তার দল রানার্স-আপ হয়েছে। তিনি জিতেছেন গোল্ডেন বল। এতে জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। তার প্রমাণ পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এখানে তার অফিসিয়াল পেইজের লাইক সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০ মিলিয়ন। তবে ভক্তদেরকে ধন্যবাদ দিতে ভুল করেননি টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী এই তারকা। সব ভক্তকে ধন্যবাদ জানালেন তিনি।
বৃহস্পতিবার মেসির ফেইসবুক পেইজের লাইক ৭০ মিলিয়ন (সাত কোটি) ছাড়িয়ে যায়। এরপর ভক্তদেরকে ধন্যবাদ জানানো একটি কাগজ হাতে নিয়ে তোলা ছবি আপলোড করেন মেসি। সেই সঙ্গে তিনি লেখেন, "এমন অবিশ্বাস্য সমর্থনের জন্য তোমাদের ৭০ মিলিয়নের সবাইকে ধন্যবাদ। তোমাদের প্রত্যেককে অভিনন্দন।"
প্রসঙ্গত, ফেইসবুকের লাইকের দিক থেকে এখনও পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন মেসি। রোনালদোর পেইজের লাইক ৯৬ মিলিয়নের বেশি।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





