ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) নবম আসর মাঠে গড়াচ্ছে এপ্রিল মাসেই। মাঠের লড়াইয়ে নামার আগে সেরা খেলোয়াড় ও কোচদের নিজ শিবিরে ভেড়াতে ব্যস্ত দলগুলো। বিশ্বের অন্যতম জমজমাট এই আসরে এবার নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে গুজরাট লায়ন্স। আর সেই দলটির বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশে দলে বোলিং কোচ হিসেবে যোগ যোগ দেওয়ার পর বেশ সুনাম অর্জণ করেছেন হিথ স্ট্রিক। সাম্প্রতিক সময়ে টাইগারদের বোলিং বিভাগে সাফল্যের জন্য তার অবদান অনস্বীকার্য। ২০১৪ সালে মে মাসে বাংলাদেশে বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি। তার যোগ দেওয়ার পরই বিশ্বকাপ সাফল্য এবং ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোরে বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ। তার হাত ধরেই তীক্ষ্মতা খুঁজে পায় মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনরা। আর সে সাফল্য বিবেচনায় এবার তিনি ডাক পাচ্ছেন কোটি টাকার আসর আইপিএলে।

রাজকোট ফ্র্যাঞ্চাইজির এ দলটির অধিনায়ক নির্বাচন করা হয় ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। আর দলটির কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার ব্রাড হজ।
চলতি বছরের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে স্ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হবে । বর্তমানে জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন স্ট্রিক।

আইপিএলের নবম আসর শুরু হবে ০৯ এপ্রিল থেকে । গুজরাট লায়ন্সের হয়ে এবার নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো আর অসি অলরাউন্ডার জেমস ফকনারের মতো তারকারা মাঠ মাতাবেন।

এমএম