পাল্লেকেলেতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেও সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। দেড় শতাধিক রান পেরিয়েছেন নাজমুল হোসেন শান্তও। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৭৮ রান।
২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। ১৫০ রানের জুটিতে অবিচ্ছিন্ন ছিলেন মুমিনুল ও শান্ত। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের প্রথম সেশনে রান তোলার গতি বেশ কমে যায়। এই সেশনে ২৮ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে রান ৭৬ রান।
অধিনায়ক মুমিনুল টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি তুলে নিয়েছেন মধ্যাহ্ন বিরতির আগেই। ২২৪ বলে ৯টি চারের সাহায্যে তিন অঙ্ক স্পর্শ করেন মুমিনুল। দেশের বাইরের মাটিতে এটিই মুমিনুলের প্রথম সেঞ্চুরি। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের তৃতীয় ও সবমিলিয়ে ২২তম অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত মুমিনুল অপরাজিত আছেন ১০৭ রানে। খেলেছেন ১৪৬টি বল।
অপরপ্রান্তে শান্ত পেরিয়েছেন দেড় শতাধিক রান। তিনি অপরাজিত আছেন ১৫৫ রানে। খেলেছেন ৩৫৯টি বল। তার ব্যাট থেকে এসেছে ১৬টি চার ও ১টি ছক্কা। প্রথম দিনেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন শান্ত।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৮ রান। শ্রীলঙ্কার পক্ষে ২টি উইকেটই শিকার করেছেন বিশ্ব ফার্নান্দো।
প্রথম দিনে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে মেজাজের ইনিংসে তিনি করেন ১০১ বলে ৯০ রান। এই ইনিংসে এখন পর্যন্ত কেবল সাইফ হাসান ব্যর্থ হয়েছেন। ফার্নান্দোর শিকার হয়ে ০ রানেই মাঠ ছাড়েন তিনি।বিডিক্রিকটাইম
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
বাংলাদেশ ৩৭৮/২ (১১৮ ওভার, মধ্যাহ্ন বিরতি)
শান্ত ১৫৫*, মুমিনুল ১০৭*, তামিম ৯০, সাইফ ০;
বিশ্ব ২/৭৫।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।
এমবি





