ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শুরুতে এগিয়ে থেকেও হেরে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার প্রীতি ম্যাচে সিরি আ'র ক্লাব ফিওরেনটিনার কাছে ২-১ গোলে হেরেছে তারা।

বিশ্বকাপে আলো ছড়ানো কোস্টারিকার গোলরক্ষক কিলুর নাভাসের এই ম্যাচে অভিষেক হয়েছে। গত মঙ্গলবার সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ইকার ক্যাসিয়াসের উপর ভরসা রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। এবার নাভাসকে শুরুর একাদশে মাঠে রাখলেন তিনি।

এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছিলেন আর্সেনালে পাড়ি দিতে যাওয়া ডি মারিয়া। ছিলেন রিয়াল ছেড়ে দেয়ার অপেক্ষায় থাকা সেমি খেদিরা। ক্লাবের হয় এটিই তাদের শেষ ম্যাচ।

নাভাসের অভিষেক আর ডি মারিয়া ও খেদিরার বিদায়ী ম্যাচটির শুরুতেই লিড নেয় ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত দুঃস্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। কারণ খেলা শেষ হওয়ার আগে দুটি গোল হজম করেছে লস ব্লাঙ্কোসরা।

এদিন খেলার চার মিনিটে গোলের দেখা পান সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করা রোনালদো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে ফিওরেনটিনা। ২৭ মিনিটে দলটির হয়ে গোলটি করেন মারিও গোমেজ।

বিরতির পর আরো এক গোল করে ফিওরেনটিনা। ৬৯ মিনিটে এই গোলটি করেন মারকোস অলোনসো। এই গোলটি আর শোধ করতে পারেনি রিয়াল। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই