বল ব্যাটে গত এক বছর দারুণ কাটিয়েছে বাংলাদেশ। গড়েছে অনেক রেকর্ড। আর এমনই একটি রেকর্ড ছাড়িয়ে গেছে ক্রিকেট বিশ্বের অন্য সব দলকে। সেই রেকর্ডের মালিক বাংলাদেশের টেস্টে ওপেনিং জুটির তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ২০১২ সালের পর গড়ের দিক দিয়ে এখন পর্যন্ত বিশ্বের সেরা ওপেনিং জুটি তাদের।
পরিসংখ্যান বলছে, ২০১২ সালের পর গড়ের দিক দিয়ে অন্তত ১০ ইনিংস ওপেনিং করা সেরা জুটি এখন তামিম-ইমরুল। ১০ ইনিংস একসাথে ওপেনিং করতে নেমে একসাথে ৭৮৪ রান করেছেন তামিম-ইমরুল। গড় ৮৭.১১। এর মধ্যে ২’বার শতরান বা তার চেয়ে বড় জুটি গড়েছেন তারা।
তামিম-ইমরুলের সর্বোচ্চ ওপেনিং জুটিটি ছিল ৩১২ রানের। গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের উদ্বোধনী জুটি দাঁড় করিয়ে বাংলাদেশকে নাটকীয়ভাবে ম্যাচ ড্র’র স্বাদ দেন তামিম-ইমরুল।
এই ক্ষেত্রেও সবার উপরে আছেন তামিম-ইমরুল। কারণ ২০১২ সালের পর টেস্ট ক্রিকেটে কোন ওপেনিং জুটি ৩’শতাধিক রানের কোঠা স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৮৯ রান করেছেন ভারতের শিখর ধাওয়ান ও মুরালি বিজয় জুটি।
তবে রান করার ক্ষেত্রে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। জুটিতে ৪১ ইনিংস একত্রে ওপেনিং করে সবচেয়ে বেশি ২০৫৩ রান (এ্যাশেজের দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত) করে তালিকার শীর্ষে রয়েছেন তারা। তাদের গড় ৫১.৩২।
জেডআই





