অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড করে যাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচেও রেকর্ডের খাতায় যোগ করালেন নিজের নাম।
প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নেয়া মুস্তাফিজ এদিন নিলেন আরো দুটি উইকেট। এর ফলে ৩ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি উইকেটের নতুন বিশ্ব রেকর্ড এখন তার দখলে।
তিন ম্যাচের সিরিজে ১২ উইকেট নিয়ে আগে রেকর্ডটি ছিল বাংলাদেশের মাশরাফি ও ওয়েস্ট ইন্ডিজের ভাসবার্ট ড্রেকসের। ২০০৬ সালে কেনিয়া সফরে ১২ উইকেট নিয়েছিলেন মাশরাফি। আর ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষেই সমান উইকেট পেয়েছিলেন ভাসবার্ট ড্রেকস।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলে ১২ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে ব্রেট লিরও। কিন্তু সেটি দ্বিপক্ষীয় সিরিজ ছিল না, ছিল ত্রিদেশীয় সিরিজ। তা ছাড়া ওই সিরিজে অস্ট্রেলিয়া খেলেছিল ৫ ম্যাচ।
অভিষেক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটাতেও লেখা হলো মুস্তাফিজের নাম। দক্ষিণ আফ্রিকার শন পোলক আর নিউজিল্যান্ডের টিম সাউদিও অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন। দুটো কৃতিত্বই ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু ১৯৯৬ সালের সেই সিরিজে পোলক খেলেছিলেন ৭ ম্যাচ, আর ২০০৮ সালের সিরিজে সাউদি খেলেছিলেন ৫ ম্যাচ। মুস্তাফিজ ১৩ উইকেট নিয়েছেন মাত্র ৩ ম্যাচেই!
মুস্তাফিজের যত রেকর্ড:
* ওয়ানডে সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ বিশ্ব রেকর্ড
* ৩ ম্যাচের সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেওয়ার একক বিশ্ব রেকর্ড
* ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার একক বিশ্ব রেকর্ড
* ব্রায়ান ভিটোরির পর ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ইনিংসে ৫ উইকেট
* প্রথম দুই ম্যাচে ১১ উইকেট। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে এটাই সর্বোচ্চ, ভিটোরির ছিল ১০ উইকেট
* অভিষেকেই বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং
* মাশরাফি-রুবেলের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ইনিংসে ৬ উইকেট
জেডআই





