ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে দলে ফেরা প্রায় নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বুধবারের ম্যাচটিকে সামনে রেখে দলের সাথে গত কয়েকদিন অনুশীলনও করেছেন রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত তিন সপ্তাহ ধরে তিনি সাইডলাইনে ছিলেন। কিন্তু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শেষ পর্যায়ে এসে আর অপেক্ষা করতে রাজি নন এবারের মৌসুমের সর্বোচ্চ ১৪টি গোল করা এই তারকা।
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে লেফট ব্যাক মার্সেলোরও দলে ফেরা প্রায় নিশ্চিত। আর তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে রিয়াল পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। জ্বরের কারণে সোমবার অনুশীলন করতে পারেননি গ্যারেথ বেল। কিন্তু বুধবারের ম্যাচে আক্রমণভাগে রোনালদো এবং করিম বেনজেমার পাশাপাশি এই ওয়েলসম্যানকে দেখার সম্ভাবনাই বেশি।
ইউরোপের সর্বোচ্চ এই আসরে শেষ চারে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে যেতে হলে লস ব্ল্যাঙ্কোসদের পুরোপুরি নির্ভর করতে হবে রোনালদো এবং বেলের সাফল্যের ওপরে। এর আগে পাঁচটি সেমিফাইনালে জার্মান দলটি চারবারই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর মধ্যে ২০০০ সালে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বায়ার্নের বিপক্ষে রিয়াল জয়ী হয়ে পরে শিরোপা জিতেছিল। এটাই ছিল বায়ার্নের বিপক্ষে স্প্যানিশ জায়ান্টদের একমাত্র সাফল্য। যদিও জার্মান প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের অতীত রেকর্ড এবার আর প্রমাণিত হয়নি। শেষ চারে আসার আগে রিয়ালের কাছেই পরাজিত হয়ে বিদায় ঘটেছে দুই জার্মান ক্লাব শালকে ০৪ ও গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডের।
যদিও বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বিশ্বাস করেন টানা তৃতীয় মৌসুমে ফাইনালের পথ নিশ্চিত করতে হলে অ্যাওয়ে গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘আমাদের অন্তত একটি গোল নিশ্চিত করতে হবে। রিয়ালের বিপক্ষে ডর্টমুন্ডের ম্যাচটি থেকে আমরা এই শিক্ষা নিয়েছি। আমরা এখানে ‘লা বেসটিয়া নেগরা’ হিসেবে পরিচিত, আর তাই তাদের দেখাতে হবে লা বেসটিয়া নেগারা ফিরে এসেছে।’
তবে মাস খানেক আগে সাত ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হবার পর থেকে বায়ার্ন তাদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। শনিবার লিগ টেবিলের তলানিতে থাকা এইনট্র্যাচ ব্রনশুয়েইগের বিপক্ষে ২-০ গোলের জয়টি ছিল গত চারটি লিগ ম্যাচে বায়ার্নের প্রথম জয়। টানা ৫৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ার পরে পরপর দুটি ম্যাচে পরাজিত হয় বেভারিয়ান্সরা। যদিও বায়ার্ন বস পেপ গার্দিওলার তার চার বছরের বার্সেলোনার দায়িত্বে থাকার সময় স্যান্টিয়াগো সফরে পাঁচটি ম্যাচে জয় তুলে নিয়েছেন, ড্র হয়েছে ছয়টি ম্যাচ। এ সব কিছুই বায়ার্নকে উজ্জীবিত করে তুলতে পারে।
মিডফিল্ডার থিয়াগো আলকানটারার অনুপস্থিতি ছাড়া বায়ার্ন পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে। ইনজুরি এবং অসুস্থতার কারণে শনিবারের ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ম্যানুয়েল নেয়ার এবং ডেভিড আলাবা দলে ফিরছেন।
খেলা
বায়ার্নের বিপক্ষে দলে ফিরছেন রোনালদো
ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে দলে ফেরা প্রায় নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।





