নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ৮০ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
রোববার হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময় মাত্র ১১৮ রান করতে পারে জিম্বাবুয়ে।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে কিউই ব্যাটসম্যানরা। দলের বড় স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওয়ানডাউনে মাঠে নামা জর্জ ওয়ার্কর। ৩৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে মাঠ থেকে বিদায় নেন তিনি।
এছাড়া ওপেনার গাপটিল ৩৩, লুক রঞ্চি ২৯ রান করে সাজঘরে ফিরে যান। তবে মুনরো ১১ বলে ২৩ রান ও নাথান ম্যাককালাম ৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
জবাবে খেলতে নামা জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা শুরু থেকেই ধুকতে থাকেন। ওয়ানডাউনে মাঠে নামা এরভাইনের ৪৬ বলে ৪২ রান সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া সীন উইলিয়ামসের ১৬ ও চাকাবভার ১৩ রান দুই অঙ্কে ঘরের স্কোর।
নিউজিল্যান্ডের সেরা বোলার অ্যাডাম মিলনে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। ম্যাকক্লেনাঘানও পান দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান নীশাম, নাথান ম্যাককালাম, ইশ সৌদি ও গ্রান্ট ইলিয়ট।
জেডআই





