উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শালকে-৪ এর বিপক্ষে হেরেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-৩ গোলে হারায় শালকে। কিন্তু দুই লেগ মিলে ৫-৪ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় জার্মানির ক্লাবটিকে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এর আগে টানা ১০ ম্যাচ জিতেছিল বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা। কিন্ত শেষ পর্যন্ত জয়ের ধারা আর অব্যাহত রাখতে পারল না দলটি।
শুরু থেকে একের পর এক আক্রমণ করে শালকে। কিন্তু বার বার তাদেরকে রুখে দেয়া হয়। অবশেষে খেলার ২০ মিনিটে লিড নেয় সফরকারীরা। ডি বক্সের ডান দিক থেকে ক্লাস-ইয়ান হুন্টেলারের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের জোরালো শট নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুকস।
তবে খেলার ২৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৪০তম মিনিটে আবারও এগিয়ে যায় শালকে। মুহূর্ত আগে হুন্টেলারের দুর্দান্ত একটি শট পোস্টে লাগে, কিন্তু বল রিয়ালের বিপদ সীমানাতেই ছিল। খানিক পরেই ডি বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান এই ডাচ স্ট্রাইকার।
আবার স্বাগতিকদেরকে সমতায় ফেরান রোনালদো। বিরতে যাওয়ার ঠিক আগ মুহুর্তে এই গোলটি করেন তিনি।
এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসিকে স্পর্শ করলেন রোনালদো। দুজনেরই গোল এখন ৭৫টি।
এটা ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রিয়ালের হয়ে ৫৯ ম্যাচে রোনালদোর ৬০তম গোল।
বিরতির পর সপ্তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা।
এবার ৫ মিনিট পরে ডি বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডার লেরোয় সানের বাঁ-পায়ের শটে ৩-৩ সমতায় ফেরে শালকে।
৮৪তম মিনিটে হুন্টেলার নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৪-৩ করেন। কিন্তু আর কোনো গোল না হওয়ায় দুই লেগ মিলে শেষ আটে খেলার টিকিট পায় রিয়াল মাদ্রিদ।
জেডআই





