চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে সাতের অধিক দল নেয়া হতে পারে।

শনিবার বিপিএল গভর্নিং বডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এমন কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথম আসরে ৬টি দল অংশ নিলেও দ্বিতীয় আসরে রংপুর রাইডার্স নামে আরও একটি দল যুক্ত হয়েছিল।

এবারের আসর নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘রংপুরসহ আমাদের কাছে এখন আগ্রহী কোম্পানির সংখ্যা ১২টি। চলতি মাসের ৩০ কিংবা পরের মাসের ১ তারিখের দিকে ওদের চিঠি দেব ১ কোটি টাকার পে-অর্ডার এবং সাড়ে ৪ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার জন্য। যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে তারা টিকে যাবে। এরপর আমরা যাচাই-বাছাই করে দেখব কাদের মালিকানা দেওয়া যায়।’

তিনি আরও যোগ করেছেন, ‘সাড়ে ৫ কোটি টাকা চাওয়ার পর যদি কেউ ব্যর্থ হয়, তখন তো আবার কোম্পানির সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এবার ৭ দলের বেশিও হতে পারে; আবার দলসংখ্যা কমেও যেতে পারে।’

সেরা ৭ কিংবা ৮ ফ্র্যাঞ্চাইজিকে কীভাবে বাছাই করবেন- এমন প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘শুধু টাকা দিলেই হবে না। পুরনো কেউ বকেয়া শোধ করে এলে আরও বাড়বে। তখন ওখান থেকে আমাদের বাছতে হবে। এর আগে বিপিএলটাকে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি ব্যবসা হিসেবে নিয়েছিল। এখন আর তা হবে না। যাদের ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভাল, স্পোর্টসে আগ্রহ আছে, আগেও বিভিন্ন টুর্নামেন্টে পয়সা খরচ করেছে বা স্পন্সর করেছে, ক্রিকেটের স্বার্থে বিনিয়োগ করতে চায়, তাদেরই রাখব।’

২৮ জুলাই আগামী ৪ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। এই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ১১টি কোম্পানি বিপিএলের মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করে। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিপিএল গভর্নিং বডি এই ১১ কোম্পানির তালিকা প্রকাশ করেছে।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, মিডিয়াকম, সোহানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইনডেক্স গ্রুপ, এক্সিয়াম টেকনোলজি, বিবিএস ক্যাবলস, বেঙ্গল কমিউনিকেশন্স, ডিবিএল, ব্লুস কমিউনিকেশন, ফাইভার এ্যাট হোম লিমিটেড ও নেট ওয়ার্ল্ড বিডি লিমিটেড।

এদের সঙ্গে যোগ হয়েছে দ্বিতীয় আসরে খেলা রংপুর রাইডার্স। তারা তাদের বকেয়া অর্থ পরিশোধ করায় বিসিবি তাদেরসহ ১২ প্রতিষ্ঠান নিয়েই আপাতত কাজ করবে।

ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগাং কিংস, দুরন্ত রাজশাহী, খুলনা রয়্যাল বেঙ্গল, সিলেট রয়্যালস, বরিশাল বার্নার্স ও রংপুর রাইডার্স নামে ৭টি দল খেলেছিল বিপিএলের আগের আসরে। তবে রংপুর ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা বাতিল করে দিয়েছে বিসিবি। দেনা-পাওনা সংক্রান্ত কারণে বার বারই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ওই ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে তাদের জন্য এখনো সুযোগ থাকছে। সেক্ষেত্রে তাদের আগের বকেয়াসহ তৃতীয় আসরের জন্য ব্যাংক গ্যারান্টি দিতে হবে।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পুরনোদের ব্যাপারে কথা হয়েছে। রংপুর ছাড়া কেউ পেমেন্ট দেয়নি। আগে বকেয়া পেমেন্ট পরিশোধ করতে হবে। তার পর এবারের অগ্রিম পেমেন্ট করতে হবে। তার পর আমরা চিন্তা করব, কাকে দেওয়া যায়। এক্ষেত্রে তারা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছে। ৫ ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির বকেয়া প্রায় ৩৭ কোটি পরিশোধ করে তাদের নতুন করে শুরু করতে হবে।’

জেডআই