এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশের তরুণীরা। ম্যাচটিতে প্রথমার্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে গেছে তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইরানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে লাল-সবুজ বাহিনী।
এদিন খেলার ১৫ মিনিটে লিপির গোলে লিড নেয় বাংলাদেশ। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থাকে স্বাগতিকরা।
কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইরানকে সমতায় ফেরে ফাতেমা গেরাইলি। কর্নার থেকে আসা বল হেড করে তিনি জালে জড়িয়ে দেন।
খেলার ৭০ মিনিটে সানজিদাদের কপাল ভেঙ্গে যায়। ইরানি ডিফেন্ডারকে অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টি পায় সফরকারীরা। আর সেখানে থেকে গোল করতে ভুল করেননি ফাতেমা ঘাসেমি। সেই গোলটি আর শোধ করতে পারেনি বাংলাদেশের তরুণীরা। ফলে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়।
এদিকে চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করে চীনে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে ইরান। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। এদিকে দুই জয় ও দুই হার নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। জর্ডান এক ম্যাচে জয় পেলেও কোনো জয়ের মুখ দেখেনি সংযুক্ত আরব আমিরাত।
জেডআই





