টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট খুইয়ে তামিমের সেঞ্চুরিতে ভর করে ১৮০ রানের পাহাড়সম ইনিংস গড়ে বাংলাদেশ। বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের জন্য এখন ১৮১ রান দরকার ওমানের।
১৮১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওমান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান। এরপরই ধর্মশালায় বৃষ্টি এসে হানা দেয়। এই অবস্থায় খেলা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ জিতবে। কারণ, বৃষ্টি আইনে জয়ের জন্য ৭ ওভারে ওমানের করতে হত ৬০ রান। সেখানে তারা করতে পেরেছে ৪১ রান।
ওমান শিবিরে বল হাতে প্রথমেই আঘাত করেন তাসকিন আহমেদ। ফিরিয়ে দেন জিসান মাকসুদকে (০)। এরপর দলীয় ১৪ রানের মাথায় আল-আমিন আঘাত হানেন। তিনি ফিরিয়ে দেন খাওয়ার আলীকে (৮)।
দলীয় ৪২ রানে লালচেতার বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ২২ বলে ১২ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ৪২ রান তোলেন সৌম্য।
দলীয় ১৩৯ রানের মাথায় দুর্ভাগ্যবশত আউট হয়ে যান সাব্বির রহমান। ২৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন তিনি। এ ছাড়া তামিম ইকবালের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। ৯.১ ওভারে ১০.৫৮ গড়ে এই রান তোলেন তামিম-সাব্বির।
সাব্বিরের অনাকাঙ্খিত আউটের পর সাকিবের সঙ্গে মিলে পুরো ওভার খেলেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন তামিম। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরি গড়তে সাকিবের সঙ্গেও ৪১ রানের অপ্রতিরোধ্য ঝুটি গড়েন তিনি। ৬৩ বল মোকাবেলায় তামিমের ১০৩ রানের দৃষ্টিনন্দন ইনিংসটি ১০ চার ও ৫ ছক্কা দিয়ে সাজানো ছিল। আর ৯ বল মোকাবেলায় ১৭ রানে অপরাজিত ছিলেন সাকিব।
ওমানের হয়ে একটি করে উইকেট পান লালচেতা ও খাওয়ার আলী।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
রবিন/আলম





