কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াইয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
চিলির স্টাডিও সৌসালিটো স্টেডিয়ামে রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
খেলার ১১ মিনিটে জালের দেখা পেয়েছে প্রতিযোগিতার ১৪টি শিরোপা জেতা দলটি। ডি মারিয়ার দুর্দান্ত ক্রস থেকে জালে বল জড়িয়েছেন নাপোলির ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। গত বছর অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে গোল করেছিলেন তিনি।
শুরুতে এগিয়ে থাকার পর অনেক চেষ্টা করেও পরে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। যদিও দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি ও মারিয়া। তবে তা জাল স্পর্শ করতে পারেনি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন মেসি। নিজের শততম ম্যাচে গোল না পেলেও জয় পেয়েছে তার দল। সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে শেষ আটের খেলা।
এই ম্যাচে খেলেননি ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও সতীর্থ নিকোলাস অটামেন্ডি। তাদের পরিবর্তে খেলেছেন হিগুয়েন ও মার্টিন ডেমিচেলিস। অবশ্য নিষেজ্ঞাধার জন্য গ্যালারিতে ছিলেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। উরুগুয়ের বিপক্ষে খেলায় মাঠে ঢুকে পড়ায় তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি।
জেডআই





