আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তোলার পথে একটি রেকর্ডেও নাম লেখালেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।
শতবার্ষিকী কোপা আমেরিকা শুরুর আগে মেসি বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন।
আর্জেন্টিনা ফরোয়ার্ড পানামার বিপক্ষে ম্যাচে ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিকের পর রোববার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে করেছেন রেকর্ড ছোঁয়া গোল। বাতিস্তুতা ও মেসি –জাতীয় দলের হয়ে দুজনের গোলই এখন ৫৪টি।
ভেনেজুয়েলার বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।
সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচেই আরেকটি গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি একার করে নেবেন মেসি?
এফএফ





