কিছুদিন আগে দেশের হয়ে খেলতে নেমে ব্রাজিলের কাছে ৩-০ হারলে ও ক্লাবের হয়ে নৈপুণ্য ঠিকই দেখান লিওলেন মেসি ।মেসি নৈপুণ্যে বার্সা এবার নিশ্চিত করল শেষ ষোলো ।
লিওলেন মেসির নৈপুণ্যে সেল্টিকের বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লুইস এনরিকের বার্সা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে।
বুধবার 'সি' গ্রুপে দ্বিতীয় লেগে সেল্টিককে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। দুটি গোলই করেছেন মেসি। প্রথম লেগেও কাতালান ক্লাবটি ৭-০ গোলে জিতেছিল, মেসি হ্যাটট্রিক করেছিলেন।
খেলার ২৪তম মিনিটে বাঁ-দিক থেকে বাড়ানো নেইমারের পাস ধরে মেসি রক্ষণ ভেঙে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধে তার ওই এক গোলেই এগিয়ে বিরতিতে যায় দু'দল।
দ্বিতয়ার্ধের ৫৫তম মিনিটে ডিফেন্ডার এমিলিও আর্তুরো নিজেদের ডি-বক্সে লুইস সুয়ারেজকে টেনে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। তা থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসির এটি নবম গোল। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হল ৯২টি। আর জাতীয় দল ও ক্লাবের হয়ে এ মৌসুমে তার গোল হল ১৮ ম্যাচে ২০টি।
৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের সুবর্ণ সুযোগ হারান মেসি। বাঁ-দিক থেকে তার শট পোস্টের গা ঘেঁষে বাইরে চলে যায়।
ম্যাচের ৭১তম মিনিটে সুইডিশ ডিফেন্ডার মিকায়েল লুসটিগের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। দু'জনকেই দেখতে হয় হলুদ কার্ড। এর ফলে গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না নেইমার।
অন্য ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করায় গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয় বার্সেলোনার।
পেপ গুয়ারদিওলার সিটি জার্মান ক্লাবটির মাঠে ১-১ গোলে ড্র করে। এরপরও অবশ্য নকআউট পর্বে উঠতে সমস্যা হয়নি সিটির।
মাহমুদ.





