ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার টনি কোজিয়ার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি গতকাল (বুধবার) ৭৫ বছর বয়সে বার্বাডোজের একটি স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
কোজিয়ারের পরিচয় শুধুমাত্র একজন ধারাভাষ্যকারই নয়, তিনি একজন ক্রিকেট সাংবাদিকও ছিলেন। দীর্ঘদিন তিনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন।
যখনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দ্বন্দ্ব লেগেছে সবসময়ই কোজিয়ার তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু সেই তিনিই এখন আর নেই। তার অভাবটা খুব বেশি করে অনুভূব করবে ক্যারিবীয় ক্রিকেটাররা।
কোজিয়ারের মৃত্যুতে শোক জানিয়ে আইসিসি একটি টুইট বার্তায় বলেছে, ‘কোজিয়ার ক্রিকেটের ধারাভাষ্যে অন্যতম একটি কন্ঠ ছিলেন। তার মৃত্যু ক্রিকেটের জন্য অনেক বড় একটি ক্ষতি।’
১৯৪০ সালে ব্রাইটনে জন্ম নেন কোজিয়ার। মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির হয়ে টেস্ট ম্যাচ কাভার করেছিলেন। এছাড়াও তিনি ১৮ বছর বয়স থেকেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্যও দিতেন।
এসএম





