ভারতীয় ক্রিকেটকিংবদন্তী শচীন রমেশ টেন্ডুলকারের গৌরবমুকুটে যুক্ত হলো আরো একটি সোনালি পালক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিরকজয়ন্তীতে ক্রিকেট-ঈশ্বর পেলেন বিশেষ সম্মাননা। ক্রিকেট-ইতিহাসে ব্যক্তিগত পর্যায়ে অনন্য রেকর্ড গড়ার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ৬০ বছর পূর্তি উপলক্ষে শচীন টেন্ডুলকারসহ ক্রীড়াজগতের ৬০ ব্যক্তিকে ব্যক্তিগত নৈপূণ্যের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি একটি করে সনদ ও পদক প্রদান করেছে সংস্থাটির কর্তৃপক্ষ।

ক্রিকেট-দুনিয়ায় ব্যাটসম্যান হিসেবে সবার ওপরে অবস্থান করা শচীন, পুরস্কার গ্রহণের পর তার প্রতিক্রিয়ায় বলেন, ক্রিকেট-জীবনে আমার সব অর্জনেই আমি গর্বিত হই এবং সম্মানিত হওয়ার প্রতিটি মুহূর্তে সীমাহীন ভালো লাগা কাজ করে।’

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) এবং একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন শচীন। টেস্টে ১৫ হাজার ৯২১ রান এবং ওডিআইতে ১৮ হাজার ৪২৬ রান করেছেন তিনি, যা ইতিহাসে বিরল। এ ছাড়া টেস্টে ৫১টি এবং ওডিআইতে ৪৯টি শতক হাঁকিয়েছেন, যা আজ অবধি রেকর্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে শচীন সম্পর্কে বলেছেন, ‘বিশ্বের কোটি কোটি মানুষের প্রেরণা তিনি। তাকে সম্মানিত করতে পেরে আমারা সত্যিই আনন্দিত।’

গিনেস বুকে এখনো ১৯টি ক্রিকেটীয় রেকর্ডের মালিক শচীন। এগুলো হলো-

১.   এক ক্রিকেটবর্ষে ওডিআইতে সর্বোচ্চ রান (পুরুষ)

২.   আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ রানের মালিক (পুরুষ)

৩.   আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি বার প্লেয়ার অব দ্যা ম্যাচ

৪.   ওডিআইতে পার্টনারশিপে সবচেয়ে বেশি রান

৫.   টেস্টে পার্টনারশিপে সবচেয়ে বেশি শতক

৬.   ওডিআইতে সবচেয়ে বেশি ম্যাচ খেলুড়ে (পুরুষ)

৭.   টেস্ট-ওয়ানডে মিলিয়ে পার্টনারশিপে সবচেয়ে বেশি শতক

৮.   টেস্টে সর্বোচ্চ শতক (পুরুষ)

৯.   টেস্টে পার্টনারশিপে সবচেয়ে বেশি রান

১০.   আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতক (১০০)

১১.   ওডিআইতে দুই শতক হাঁকানো প্রথম খেলোয়াড়

১২.   ওডিআইতে সবচেয়ে বেশি রানের মালিক (পুরুষ)

১৩.   বিশ্বকাপ ক্রিকেটের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান (পুরুষ)

১৪.   বিশ্বকাপ ক্রিকেট-ক্যারিয়ারে সবার চেয়ে বেশি রান (পুরুষ)

১৫.   ওডিআইতে সর্বোচ্চ শতক (পুরুষ)

১৬.   ওডিআইতে যেকোনো ইউকেটের তুলনায় সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ (পুরুষ)

১৭.   যেকোনো খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলুড়ে (পুরুষ)

১৮.   টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান (পুরুষ)

১৯.   ৫০ ওভারের আন্তর্জাতিক খেলায় প্রথম দুই শতক

তথ্যসূত্র : গিনেসওয়ার্ল্ডরেকর্র্ডস ডটকম ও এনডিটিভি অনলাইন।

কেএইচ