চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ ও নেপাল। এবার এগিয়ে যাওয়ার লক্ষ্যে মুখোমুখি হয়েছে তারা। এই ম্যাচে জয় পেলেই খেলতে পারে সুপার-১০ পর্বে। এজন্য স্বাগতিকদেরকে ১২৭ রানের লক্ষ্য বেধে দিয়েছে নেপাল। টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম (০) ও এনামুল (০)।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচটিতে পেসাররা সুবিধা করতে পারলেও স্পিনাররা ছিলেন একেবারেই ম্লান। সেই সঙ্গে ফিল্ডিং মিসও ছিল চোখে পড়ার মতো। এছাড়া মুশফিক দুটি নিশ্চিত স্টাম্পিং মিস করেছেন।
সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে নেপাল। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে তারা।
৩৯ রানে তিন উইকেট হারানো দলটিকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন খাদকা ও শারদ বিশ্বকর। তারা দুই জন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি। ১৯তম ওভারে মাশরাফির শেষ বলে দলনেতা খাদকা বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নিলে এই জুটির পতন হয়। মাঠ ছাড়ার আগে ৩৫ বলে ৪১ রান করেন তিনি।
শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৪৩ বলে ৪০ রান করেন শারদ। এছাড়া জ্ঞানেন্দ্রর ১৩ রানই উল্লেখযোগ্য। বাংলাদেশের বোলার আল আমিন হোসাইন সর্বোচ্চ দুটি উইকেট পান।