বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আর কিছু পরেই মাঠের লড়াইয়ে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস এবং তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা চিটাগং ভাইকিংস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার (২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-চিটাগং ম্যাচটি শুরু হবে।
সাকিবদের হারাতে পারলে তামিম-গেইলের চিটাগংয়ের শীর্ষ চারে থেকেই প্লে-অফ রাউন্ড সুনিশ্চিত হবে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচটিতে (১৭ নভেম্বর) স্বাগতিকদের ১৯ রানে হারিয়েছিল ঢাকা। তবে, টানা পাঁচ জয়ে উড়ছে চিটাগং। এদিকে, দুর্দান্ত গতিতে ছুটছে ঢাকা। দু’দিন আগে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় শিরোপার অন্যতম দাবিদার দলটি।
পয়েন্টে টেবিলে ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা ঢাকার সংগ্রহ সাত জয় ও তিন হারে ১৪। দুই পয়েন্ট পিছিয়ে আছে চিটাগং।
দিনের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যালেঞ্জের সামনে পড়েছিল মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। বিপিএলের শেষদিকে এসে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিকার এবার খুলনা টাইটান্স! মাশরাফিদের টানা তিন জয়ের বিপরীতে টানা তিন হারে খুলনার প্লে-অফ নিশ্চিতের অপেক্ষাটাও বেড়েছে। মারলন স্যামুয়েলসের ৬৯ রানের অপরাজিত ইনিংসে ১৪২ রানের লক্ষ্যটা পাঁচ উইকেট ও আট বল হাতে রেখেই টপকে গেছে কুমিল্লা।
এমই





