ভারতের বিপক্ষে আসন্ন হোম টেস্টের আগে অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যক্তিগত ছুটি কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরলেও তার ডান হাতের আঙ্গুলের ইনজুরি পুরোপুরি না সেরে ওঠায় ফের বিশ্রামে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

টাইগার অধিনায়ক মুশফিক খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নেয়ার সময়েই ইনজুরির কবলে পড়েন। তার ডানহাতের আঙ্গুলে কিছুটা আঘাত লেগেছিল। এরপরও দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ থেকে বিরত রাখা যায়নি মুশফিকুরকে।

ডান হাতে ব্যথা অনুভুত হওয়ায় বৃহস্পতিবার ফের পরীক্ষা করা হয় ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের। এরপর তাকে আরো এক সপ্তাহ জন্য পরিপূর্ণ বিশ্রাম নেবার পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিশিয়ান দেবাশিষ চৌধুরী বলেন, ‘মুশফিকুরের হাতের আঙ্গুলে ব্যথা অনুভূত হওয়ায় বৃহস্পতিবার তাকে পরীক্ষা করার পর এক সপ্তাহের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে। এক সপ্তাহ পর তাকে ফের পরীক্ষা করে দেখা হবে।’

এদিকে পেসার রুবেল হোসেনও পরিপূর্ণ ফিটনেস ফিরে পায়নি বলে জানিয়েছেন দেবাশিষ। তিনি বলেন,‘মামলা সহ ব্যক্তিগত কিছু কাজের কারণে রুবেল আমাদের পুনর্বাসন কার্যক্রমে কয়েকদিন সময় দিতে পারেননি। তাই তাকে ফিটনেসে পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে এখন তিনি নিয়মিত সময় দিচ্ছেন। আশা করি সময়মত তিনি পরিপূর্ণ ফিটনেস ফিরে পাবেন।’

জেডআই