ব্রাজিলের পেলে, আজও পেলে। তার রেকর্ডে কেউই ভাগ বসাতে পারেননি। এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার তিনি। কিন্তু ১৯৯৪ বিশ্বকাপজয়ী সেলেকাওদের তারকা রোমারিও মনে করেন, ২২ বছর বয়সী নেইমার ছাড়িয়ে যাবেন তিনটি বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া পেলেকে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পেলে। সেই সঙ্গে দলের হয়ে ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল। তার পরের স্থানে আছেন রোনালদো (৬২), রোমারিও (৫৫) ও জিকো (৪৮)।
কিন্তু মাত্র ২২ বছর বয়সেই তাদের পরে জায়গা করে নিয়েছেন নেইমার। ইতোমধ্যে ৫৮ ম্যাচে করেছেন ৪০ গোল। তার এমন পারফরম্যান্সে রোমারিও বলেছেন, "যদিও সে এখনও অনেক তরুণ। তবে নেইমার ভালোভাবেই জানে যে বিশ্ব ফুটবলে সে কি, বিশেষ করে ব্রাজিলের জন্য।"
পেলের প্রসঙ্গ এনে তার সম্পর্কে বলেন, "সে মাত্র ২২ বছর বয়সী। কিন্তু ইতোমধ্যে সর্বোচ্চ তিন জন গোলদাতার কাছাকাছি পৌঁছে গেছেন। এটা যদি সে চালিয়ে যেতে পারে তাহলে পেলেকেও ছাড়িয়ে যাবে।"
জেডআই





