আগামীকাল শনিবার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও মাদ্রিদ ও বার্সেলোনা। মর্যাদার লড়াইয়ে বরাবরই জেতার জন্য নিজেদের সেরাটা নিংড়ে দেয় স্পেনের এই দুই পরাশক্তি।

তবে এই মৌসুমে বর্তমান প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদের জন্য জয়টি অনেকটা বাঁচা-মরার লড়াইয়ের মতো। তাই ক্লাসিকো জিততে মরিয়া জিনেদিন জিদান।

ক্লাব বিশ্বকাপ জয়ের আনন্দ পুরনো হতে না হতেই এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম এল ক্লাসিকো খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবারের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বার্সেলোনা।

অন্যদিকে শিরোপার রেসে টিকে থাকতে হলে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই রিয়ালের। বর্তমানে এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে জিনেদিন জিদানের দল।

রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে  পিছিয়ে থাকলেও লা লিগার শিরোপা জয়ের আশা ছাড়ছেন না জিদান। তবে শিরোপার রেসে টিকে থাকতে হলে এল ক্লাসিকোতে জয়ের বিকল্প দেখছেন না জার্মান মিডফিল্ডার ক্রুস।

ব্লিন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রুস জানান, 'মৌসুম এখনো অনেক লম্বা। আমরা ১১ পয়েন্ট এবং এক ম্যাচ পিছিয়ে আছি। তবে এখনো ধরাছোঁয়া দূরত্বের মধ্যেই আছি। তবে শিরোপার রেসে টিকে থাকতে হলে আমাদের ম্যাচটি (এল ক্লাসিকো) অবশ্যই জিততে হবে।'

এল ক্লাসিকোতে অনিশ্চিত রোনালদো?

এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টানা তিনদিন অনুশীলনের বাইরে ছিলেন রোনালদো। তাই বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অবশ্য এ ব্যাপারে রোনালদো বা তাঁর ক্লাব কিছুই স্বীকার করেনি। রোনালদো বলেছেন, ‘কোনো চোট নেই আমার। এল ক্লাসিকোতে খেলতে কোনো সমস্যা হবে না।’ 

মাহফুজ