এশিয়ার পাঁচটি দেশ নিয়ে আজ থেকে শুরু হচ্ছে পুরুষ জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকি টুর্নামেন্ট। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।
এবারের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ওমান, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। পাঁচটি দেশ নিয়ে এই প্রতিযোগিতা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
এই টুর্নামেন্টের দুটি দল সুযোগ পাবে ২০১৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে। আর এশিয়া কাপের সেরা চারটি দল সুযোগ পাবে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে।
এই লক্ষ্যকে সামনে রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই সোমবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক সারোয়ার হোসেন বলেন, ‘এই কয়দিন আমরা মিডফিল্ড ও ডিফেন্সের মধ্যে সমন্বয় নিয়ে বেশি কাজ করেছি। আমাদের মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইন বেশ শক্তিশালী। ভারতে গিয়ে খেলা ম্যাচগুলোতে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়েও কাজ করেছি। সব মিলিয়ে এই টুর্নামেন্টের ফেভারিট আমরাই। আর সেটা আমরা মাঠে দেখিয়ে দিতে চাই।’
বাংলাদেশের ম্যাচ:
তারিখ মুখোমুখি
১ ডিসেম্বর বাংলাদেশ-চাইনিজ তাইপে
২ ডিসেম্বর বাংলাদেশ-থাইল্যান্ড
৪ ডিসেম্বর বাংলাদেশ-ওমান
৬ ডিসেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা
ইআর





