আগামীকাল (সনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শনিবার দুপুর ২টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন মেজবাহউদ্দিন আহমেদ। ভোটগ্রহণ শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সভাপতি (০১), সহ-সভাপতি (০৪), সদস্য (১৫)- এ পদগুলোতে ফুটবল ফেডারেশনের নির্বাচনটি হবে। এবারের নির্বাচনে ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহ-সভাপতির জন্য কেউই লড়ছেন না।
কেননা, গেল ২০ এপ্রিল ‘বাঁচাও ফুটবল’ পরিষদের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে শফিকুল ইসলাম টুটুল, মঞ্জুর কাদের চৌধুরি ও লোকমান হোসেন ভুঁইয়া মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় কাজী সালাহউদ্দিনের ‘সম্মিলিত পরিষদ’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতির পদ অক্ষুন্ন রাখেন গতবারের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
সভাপতি পদের জন্য লড়বেন বাফুফের বর্তমান সভাপতি, সম্মিলিত পরিষদের কাজী মো: সালাহউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী বাঁচাও ফুটবল পরিষদের কামরুল আশরাফ খান পোটন।
স্বতন্ত্র থেকে পদটিতে প্রার্থী হিসেবে ছিলেন আরও দুজন; একজন গোলাম রব্বানি হেলাল আর অপরজন নুরুল ইসলাম নুরু।
তবে গোলাম রব্বানি হেলাল ২৭ এপ্রিল সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী কাজী সালাহউদ্দিনকে সমর্থন দিয়েছেন আর নুরুল ইসলাম নুরু গেল ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে উপস্থিত হয়ে সমর্থন দিয়েছেন ‘বাঁচাও ফুটবল’ পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটনকে।
এসএম





