মাশরাফি বিন মর্তুজার ইনজুরির কারণে এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন না। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ সাংবাদিককে জানিয়েছেন, ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলতে পারবেন না মাশরাফি। তার বদলে দলে নেয়া হয়েছে পেসার শফিউল ইসলামকে।
বুধবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার সময় বল করতে গিয়ে হাতের নিচের অংশে চোট পান মাশরাফি।
এদিকে এশিয়া কাপে শুরু থেকেই নেই তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারছেন না সাকিব আল হাসান। কাঁধের চোটের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েও।
আহত হয়ে এখন দল থেকে ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজাও। এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
শনিবার এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য শনিবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]