জার্মান কাপের ফাইনালে বার্লিনে বরুসিয়া ডর্টমুন্ডকে মোকাবেলা করবে ভিএফএল উল্ফসবার্গ। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে উল্ফসবার্গ ৪-০ গোলে তৃতীয় বিভাগের জায়ান্টকিলার আরমিনিয়া বিয়েলেফেল্ডকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

জার্মানীর অনুর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার ম্যাক্সিমিলান আরনল্ড উল্ফসবার্গের হয়ে প্রথম ও শেষ গোলটি করে বিয়েলেফেল্ডের অসাধারন কাপ যাত্রার সমাপ্তি ঘটান। অপর গোল দুটি এসেছে ব্রাজিলিয়ান লুইস গুস্তাভো এবং ক্রোয়েশিয়ারন ইভান পেরিসিসের কাছ থেকে।

মূলত অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলই তৃতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলটিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। সেই সুযোগে আগামী বছর চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করা এবং বর্তমানে বুন্দেসলিগা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উল্ফসবার্গ জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করতে পিছপা হয়নি।

আর এর সাথে শেষ হয়ে গেছে বিয়েলেফেল্ডের প্রথমবারের মত কাপ ফাইনাল খেলার স্বপ্ন। শেষ চারে উঠতে আরমিনিয়া একে একে পরাস্ত করেছে হার্থা বার্লিন, ওয়ারর্ডার ব্রেমেন এবং বরুসিয়া মোয়েনগ্ল্যাডব্যাচের মত বড় দলগুলোকে।

ড্যানিয়েল কালিগিউরির পাসে ম্যাচের আট মিনিটেই আরনল্ডের গোলে এগিয়ে যায় সফরকারীরা। লেফট উইং থেকে কালিগিউরি একের পর এক বল যোগান দিয়ে গেছেন। উল্ফসবার্গের চারটি গোলের তিনটিই ছিল এই জার্মান মিডফিল্ডারের সহযোগিতায় পাওয়া।

৩২ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার লুইজ গুস্তাভো ব্যবধান দ্বিগুন করেন। বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন এবং কালিগিউরির সহায়তায় ৫১ মিনিটে সফরকারীদের পক্ষে তৃতীয় গোল করেন পেরিসিস।

চার মিনিট পরে কালিগিউরির আরেকটি অসাধারন পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করেন আরনল্ড।

আগামী ৩০মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডের মুখোমুখি হবে উল্ফসবার্গ। এই ম্যাচে জয়ের মাধ্যমে ডর্টমুন্ডের সামনে সুযোগ আছে সাত বছরের সফল কোচ জার্গেন ক্লপকে স্মরণীয় এক বিদায় জানানোর।

২০০৯ সালের জার্মান লীগ চ্যাম্পিয়ন উল্ফসবার্গ ঘরোয়া কাপের শিরোপা কখনই জিততে পারেনি। অন্যদিকে গত চার বছরে তৃতীয়বারের মত ফাইনাল নিশ্চিত করা ডর্টমুন্ড চতুর্তবারের মত শিরোপার জন্য মাঠে নামবে।

জেডআই