আগামী জুনে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। নেইমারের চোট ভাবিয়ে তুলেছে ব্রাজিল সমর্থকদের। নেইমার খেলতে পারবে কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য খুশির খবর হলো শনিবার বেলো হরিজেন্তের হাসপাতালে নেইমারের ডান পায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে।
পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত রিও ডি জেনিরো থেকে ১০০ কিলোমিটার দূরে মানগারাবিতা নামের একটি রিসোর্টেই সময় কাটাবেন পিএসজি তারকা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নেইমারকে। এরপর সেখান থেকে সরাসরি রিসোর্টে।
নেইমারকে দ্রুত মাঠে ফেরানোর দায়িত্বে আছেন পিএসজির ফিজিও রাফায়েল মার্টিনি। তিনি ব্রাজিল ফুটবল দলেরও ফিজিও। সান্তোসে পেশাদার ফুটবল শুরুর সময় থেকেই নেইমারের সঙ্গে কাজ করে আসছেন।
নেইমার ফেরার ব্যাপারে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। অস্ত্রোপচারের পর চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে তিন মাস সময় লাগতে পারে। তবে ছয় সপ্তাহের মধ্যে নেইমারের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
এটি নিশ্চত যে, মার্চে নেইমার জামার্নির ও রাশিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না।
বার্সেলোনা থেকে রেকর্ড ২২০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসা পর নেইমার করেছেন ২৮ গোল ও সাহায্য করেছেন ৩০টি গোলে।
এএস





