শতরানের আগের তিন উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরে থাকা মাহমুদুল্লাহ তৃতীয় সেশনে মাঠ থেকে বিদায় নিয়েছেন। ডেল স্টেইনের বলে বাভুমার হাতে ক্যাচ আউট হন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৬৩) ও সাকিব আল হাসান (১৭)।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু পঞ্চম ওভারের তৃতীয় বলেই ওপেনার তামিম ইকবালকে হারায় তারা। স্টেইনের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম।

তামিমকে ফিরিয়ে চারশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টেইন। শন পোলকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখান তিনি।

মধ্যাহ্ন-বিরতির পর জেপি ডুমিনিকে আক্রমণে আনেন হাশিম আমলা। নিজের দ্বিতীয় ওভারেই মুমিনুল হককে (৪০) ফিরিয়ে দিয়ে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ডুমিনি।

৩৪তম ওভারে আবার আঘাত হানেন ডুমিনি। এবার ইমরুল কায়েসকে (৩০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

৮৬ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। চমৎকার ব্যাটিংয়ে টেস্টে ১১ ইনিংস পর অর্ধশতক পূর্ণ করেন টাইগার অধিনায়ক।

কিন্তু তৃতীয় সেশনের শুরুতে ছন্দ পতন হয়। স্টেইনের বলে বাভুমার হাতে মাহমুদুল্লাহ (৩৫) ক্যাচ তুলে দিলে ভেঙে যায় টাইগাদের ৯৪ রানের জুটি।

জেডআই