বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের প্রকোপের পর প্রথমবার বিদেশ সফরে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে ২০ সদস্যের দল পাঠিয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশ ছেড়েছেন তামিম-মুশফিকরা।
দলের সঙ্গে কোচিং স্টাফসহ গেছেন আরও ১৫ জন। সব মিলিয়ে ৩৫ সদস্যের বহর রওনা হয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশে। সঙ্গে গেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মূলত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভরাডুবির পর ক্রিকেটারদের সাপোর্ট জোগাতে দলের সঙ্গে গেছেন জালাল ইউনুস।
দেশ ছাড়ার আগে নিজের প্রত্যাশার কথা জানিয়ে গেলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সাংবাদিকদের তামিম বলেন, “আমরা সবাই জানি, নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।”
বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, “কঠিন সফর। খুবই চ্যালেঞ্জিং একটা সিরিজ। এটাতে কোনো বিতর্ক নেই। ছেলেদের দেখে মনে হয়েছে ওরা প্রস্তুত। আমাদের যেমন করেই হোক, লড়াই করে আসতে হবে। আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে।”
নিউজিল্যান্ড সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:
ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড
এমবি





