পাকিস্তানের খাইবার পাখতুন পুলিশ ডিপার্টমেন্টের শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশটির তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। এ দায়িত্বে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি বিশ্বাস তৈরির কাজ করবেন শাহিন।
শাহিন শাহ আফ্রিদিকে পেশোয়ারে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে খাইবার পাখতুন পুলিশের সম্মানসূচক ও অবৈতনিক ডেপুটি সুপেরিটেন্ডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
খাইবার পাখতুন পুলিশের শহীদদের এসময় শ্রদ্ধা জানান শাহিন। পাকিস্তানের এ তারকা পেসার জানান, তার বাবা একজন অবসরপ্রাপ্ত খাইবার পাখতুন পুলিশের কর্মকর্তা। এছাড়া তার ভাইও বর্তমানে এই ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রথম পেস বোলিং সুপারস্টার ফজল মাহমুদ খেলোয়াড়ি জীবনে পেশাগতভাবেই পাকিস্তান পুলিশের একজন ডিএসপি ছিলেন। খেলা ছাড়ার পর তিনি ডিআইজি হিসেবে যোগদান করেন।
এইচএন





