পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। এবার তৃতীয় টেস্টে ব্যাটিং জাদু দেখালেন ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন। তাদের ব্যাটে ভর করে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ আট উইকেটে ৬৩৭ রান। তবে এই স্কোর করেও ইনিংস ঘোষণা করেনি তারা।
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ২০২ ও কেন উইলিয়ামসনের ১৯২ রানের কল্যাণে শারজাহ টেস্টের তৃতীয় দিন শেষে ২৮৬ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ১০ উইকেটে ৩৫১ রান।
দ্বিতীয় দিনই পাকিস্তানী বোলারদের নিয়ে একরকম ছেলেখেলা করেছেন ম্যাককালাম। তাকে সঙ্গ দিয়েছেন উইলিয়মাসন। ম্যাককালাম ১৫৩ ও উইলিয়ামসন ৭৬ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরু থেকেও একই রকম চরিত্র বজায় রেখেছেন তারা। ফলে খেলা শুরুর প্রথম ঘন্টাতেই ম্যাককালাম ডাবল সেঞ্চুরি ও উইলিয়ামসন সেঞ্চুরি তুলে নেন।
মারমুখী মেজাজে থাকা ম্যাককালাম ছক্কা হাকিয়ে ১৮৬ বলে ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন। টেস্ট ক্রিকেটে দ্রুত ডাবল-সেঞ্চুরি স্বাদ পাবার তালিকায় এটি চতুর্থ। আর এই নিয়ে চলতি বছর তিনবার ডাবল সেঞ্চুরি করলেন কিউই দলপতি। ফলে স্যার ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন ম্যাককালাম। কারণ এক বছরে তিনবার ডাবল সেঞ্চুরির কোঠা স্পর্শ করার রেকর্ড শুধুমাত্র ব্র্যাডম্যান, পন্টিং ও ক্লার্কেরই আছে।
ব্যক্তিগত ২০২ রানে থামার আগে উইলিয়ামসনের সাথে ২৯৭ রানের জুটি গড়েন ম্যাককালাম। দ্বিতীয় উইকেটে নিউজিল্যান্ডের পক্ষে এটি সর্বোচ্চ জুটি। আর বিশ্ব ক্রিকেটে এটি পঞ্চম সর্বোচ্চ জুটি।
ম্যাককালাম ডাবল-সেঞ্চুরির দেখা পেলেও, ১৯২ রানে থামেন উইলিয়ামসন। এছাড়া পরবর্তীতে নিউজিল্যান্ডের ইনিংসে আরও তিন হাফ-সেঞ্চুরি হয়েছে। রস টেইলর, কোরি এন্ডারসন ও টিম সাউদি প্রত্যকেই ৫০ রান করে করেন। এই ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন ব্ল্যাক ক্যাপস ব্যাটসম্যানরা। যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন রেকর্ডও বটে।
নিউজিল্যান্ডের রানের পাহাড়ে উঠার দিনে পাকিস্তানের সফল বোলার ছিলেন রাহাত আলি ও ইয়াসির শাহ। রাহাত ৪টি ও ইয়াসির ৩টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৫১/১০, ১২৫.৪ ওভার (হাফিজ ১৯৭, আজহার ৩৯, ক্রেইগ ৭/৯৪)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৬৩৭/৮, ১৩০ ওভার (ম্যাককালাম ২০২, উইলিয়ামসন ১৯২, রাহাত ৪/৮৯)।
জেডআই





