লা লিগায় বার্সার ড্র’র রাতে জয় পেল রিয়াল মাদ্রিদ। শুধু জয় নয়, রীতিমতো প্রতিপক্ষ সেভিয়াকে উড়িয়ে দিল তারা। বিবিসির নৈপুণ্যে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে তারা।

রোববার রাতে ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে সেভিয়াকে স্বাগত জানায় রিয়াল। ম্যাচটিতে ভিন্ন রকম আতিথেয়তা করে তারা। বেনজেমা, বেল, ক্রিস্টিয়ানো আর রদ্রিগেজের গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

এই জয়ের ফলে লিগ পয়েন্ট টেবিলে পয়েন্ট ব্যবধান কমাতে পারল রোনালদোরা। শীর্ষে থাকা বার্সেলোনা একই রাতে ড্র করার পরও ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট অর্জন করেছে। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাত্র এক পয়েন্ট কমে পরের স্থানেই আছে রিয়াল। চতুর্থস্থানে থাকা ভিয়ারিয়াল আছে অনেক দূরে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪।

এদিন খেলার ৬ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে লস ব্লাঙ্কোসরা।

বিরতি থেকে ফিরে খেলার ৬৪ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান রোনালদো। ২ মিনিট পর ব্যবধান বৃদ্ধি করেন গ্যারেথ বেল। ৮৬ মিনিটে এক হালি পূর্ণ করেন জেসে রদ্রিগেজ। বিপরীতে একটি গোলও শোধ করতে পারল না সেভিয়া।

ওএফ